জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
- আপডেট সময় ০৪:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 21
ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অটল রয়েছে মালয়েশিয়া। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে সরকারের কোনো প্রতিশ্রুতি নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং দেশটির ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধও পায়নি মালয়েশিয়া। সংসদে দেওয়া লিখিত জবাবে তিনি বলেন, সরকার তাকে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে এ বক্তব্য দেন সাইফুদ্দিন। সংসদ সদস্য ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধের সময় জানতে চাওয়ার পাশাপাশি ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার আইন এবং দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও প্রশ্ন করেন।
ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে নয়াদিল্লি।
গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জাকির নায়েকের প্রত্যর্পণ অনুরোধের আইনি ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি ওঠার কথা জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে খবর প্রকাশের পর এ দাবি সামনে আসে।
মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান বৈঠকে কী আলোচনা ও সমঝোতা হয়েছে, তা স্পষ্ট করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ভারতের দেওয়া প্রমাণ ও নথি মালয়েশিয়ার আইনি শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছিলেন তিনি।
ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল, নয়াদিল্লিতে দুই দেশের নেতাদের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছিলেন।
তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে দেশটির সরকারের কোনো অঙ্গীকার নেই।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস।
























