রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টসশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০২:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 23
রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং কারখানার উৎপাদন বন্ধের জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গার্মেন্টস কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ কোনো ধরনের কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু মহল উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ছাড়া কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো পূরণ করা হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট হয়েছেন বলে দাবি করেন তিনি। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।
শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান থাকায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা কারখানা বন্ধের চেষ্টা করছে বা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদের অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কিছু মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।





















