সাংবাদিক আলিফ হত্যা: স্বীকারোক্তি দিয়ে কারাগারে দুই আসামি
- আপডেট সময় ০৯:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 32
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতে জবানবন্দি দেওয়ার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার দুজন হলেন দুর্গাপুর পৌরশহরের ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) এবং একই উপজেলার তেরিবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ (২৫)।
পুলিশ তাঁদের আদালতে হাজির করলে তাঁরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁদের আর রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে ইমন ও সাব্বিরকে গ্রেফতার করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তাঁদের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হলো। এর আগে ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেফতার করা হয়। আদালত তাঁদের দুজনকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছিলেন। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।
গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা ওরফে খাদিজা আক্তার দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।
নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন আলিফ।



















