প্রেমে ব্যর্থতার পর ইউটিউব দেখে ইয়াবা কারখানা, গ্রেপ্তার যুবক
- আপডেট সময় ১১:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 25
গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়িতে নজরদারি করছিল পুলিশ। পরে রাতে অভিযান চালিয়ে বাড়ির ভেতরে গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
পুলিশের হাতে গ্রেপ্তার নাজমুলের দাবি, প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে নিঃস্ব হওয়ার পর তিনি ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। পরে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরি শুরু করেন।
স্থানীয়রা জানান, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।















