ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- আপডেট সময় ১২:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 19
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রোববার ইরানে কোনো হামলা চালানোর পরিকল্পনা নেই তাঁর দেশের। এর আগে ওই দিন ইরানে হামলার ঘোষণা দিলেও পরে অবস্থান পরিবর্তনের কথা জানান তিনি। তবে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।
আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানে হামলা চালানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না। আজ কোনো হামলা হবে না।”
এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারলে ইরান নতুন করে হামলার শিকার হওয়া এড়াতে পারে। তবে রোববার হামলা না চালানোর ঘোষণা দিলেও পরবর্তী সময়ে ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা স্পষ্ট করেননি তিনি। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পরবর্তী অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার পথে বাধা সৃষ্টি করছে। তবে এ পরিস্থিতির মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে ইরান আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে বিরোধ চলছে। এই বিরোধ নিরসনে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত সমঝোতায় পৌঁছানোর বিষয়টি অনিশ্চিত রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা দুই দেশের সম্পর্কের পরবর্তী গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।























