চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান আর নেই
- আপডেট সময় ০২:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 17
ঢাকাই চলচ্চিত্রের পরিচালক বি এইচ নিশান মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বদিউল আলম খোকন জানান, রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে বি এইচ নিশানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে পরিচালক হিসেবে কাজ করেছেন বি এইচ নিশান। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’।
পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ রচনাতেও যুক্ত ছিলেন তিনি। প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত জনপ্রিয় সিনেমা ‘লাল বাদশা’র কাহিনি ও সংলাপ রচনার সঙ্গেও সম্পৃক্ততা ছিল তাঁর।
বাংলা চলচ্চিত্রে কাজের মধ্য দিয়ে ঢালিউডে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন বি এইচ নিশান। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
























