শান্তি মুচলেকায় সই করবেন না নেহা বোরা
- আপডেট সময় ০৫:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 27
দিল্লি পুলিশের চাওয়া শান্তি মুচলেকায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। তার দাবি, এ ধরনের মুচলেকা নাগরিকের মৌলিক অধিকার, প্রতিবাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক মতভিন্নতার পরিপন্থী।
শনিবার (২৪ অক্টোবর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে নেহা বোরার করা রিট পিটিশন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। তবে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ নির্দেশ দেন, ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান-সংশ্লিষ্ট সব তথ্য বোরাকে সরবরাহ করতে হবে। পাশাপাশি মুচলেকা কখন জমা দিতে হবে, সে বিষয়টিও বিবেচনা করতে হবে।
নেহা বোরা বলেন, সরকারকে প্রশ্ন করা থেকে বিরত রাখা কিংবা ভিন্নমত দমনের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো পরিস্থিতিকে তারা শান্তি হিসেবে মেনে নেবেন না। তার ভাষ্য, সংবিধান নাগরিকদের প্রতিবাদের অধিকার দিয়েছে, অথচ এই মুচলেকা সেই অধিকার সীমিত করে।
আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের শুনানিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন নেহা। তবে তিনি মুচলেকা বা বন্ডে স্বাক্ষর করবেন না বলে স্পষ্ট করেছেন।
গত ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে ‘ককরোচ জনতা পার্টি’র ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে নেহা বোরাকে প্রতিরোধমূলক হেফাজতে নেয় পুলিশ। পরদিন, ১৭ অক্টোবর, তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ধারায় ১০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নোটিশ পাঠানো হয় তাকে।
আদালতে নেহা বোরার আইনজীবী অভীক চিমনী যুক্তি দেন, জাতীয় পতাকা উত্তোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই এবং পুলিশের পাঠানো নোটিশটি মনগড়া। শুনানি শেষে বিচারক বোরাকে সংশ্লিষ্ট সব নথিপত্র সরবরাহ করার নির্দেশ দেন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নিতে বলেন।





















