সিজেপির দুই নেতা তিহার কারাগারে
- আপডেট সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 20
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে দলটির নেতৃত্বে থাকা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে বুধবার দিল্লি পুলিশ জানিয়েছিল, তিন নেতাকে প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ, আশুতোষ ও অজিঙ্কাকে আটক করা হয়। এর আগের দিনই যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের স্থান হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল।
সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে বন্ডের শর্ত ভঙ্গ এবং আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা জানান, দিল্লি পুলিশ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে যুক্তি দিয়েছে, সৌরভ ও আশুতোষ মানুষকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন। পুলিশের দাবি, এর মাধ্যমে তারা অপরাধমূলকভাবে অনধিকার প্রবেশ করেছেন। এ ছাড়া আগে দেওয়া একটি মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, তা-ও রক্ষা করেননি বলে অভিযোগ করেছে পুলিশ।
তবে আইনজীবী হেলার দাবি, তারা মুচলেকার কোনো শর্ত লঙ্ঘন করেননি।
সূত্র: দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস।






















