সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশের নারী ক্রিকেট দল
- আপডেট সময় ০৪:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 16
এশিয়া কাপের সেমিফাইনালে হারের কয়েক দিনের মধ্যেই আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
শুক্রবার শেষ কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এর আগে বৃষ্টির কারণে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়। আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে জায়গা পায় নিগার সুলতানা জ্যোতির দল।
জাপানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ভারতের শ্রী চারানি ১০ রানে ৪টি এবং শেফালি বর্মা ১৩ রানে ২টি উইকেট নেন। জবাবে মাত্র ৫ ওভারেই ৫৮ রান করে জয় তুলে নেয় ভারত। শেফালি ১৫ বলে ৪০ এবং রিচা ঘোষ ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ৪০ রানে বাংলাদেশকে হারিয়েছিল। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই হারের জবাব দেওয়ার সুযোগ পাচ্ছে জ্যোতির দল।
২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন পারফরম্যান্স করে, এখন সেটিই দেখার অপেক্ষা।
























