বন্যপ্রাণী পাচার ঠেকাতে যৌথ অভিযানের আহ্বান
- আপডেট সময় ১০:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 37
দক্ষিণ এশিয়ায় আন্তঃদেশীয় ও সংঘবদ্ধ বন্যপ্রাণী অপরাধ দমনে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ এবং যৌথ অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়া বন্যপ্রাণী আইন প্রয়োগ নেটওয়ার্কের (এসএডাব্লিউইএন) প্রথম সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সীমান্ত, পরিবহন ব্যবস্থা, বাণিজ্যিক চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম ও আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে অপরাধী চক্র বন্যপ্রাণী পাচার করছে। তাই শুধু বন্যপ্রাণী উদ্ধার বা অপরাধী গ্রেপ্তার নয়, এর পেছনে থাকা সংগঠক, অর্থদাতা ও পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি বন্যপ্রাণী জব্দের ঘটনাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। পাশাপাশি অনলাইন মনিটরিং, সাইবার তদন্ত, ডিজিটাল প্রমাণ, ডিএনএ বিশ্লেষণ ও ফরেনসিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং জব্দ করা জীবন্ত প্রাণী নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
এসএডাব্লিউইএনের ২০২৬-২০৩০ কৌশলগত পরিকল্পনায় গোয়েন্দা তথ্য বিনিময়, আইন প্রয়োগ, ফৌজদারি বিচার, ডিজিটাল ও আর্থিক তদন্ত এবং সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দেন তিনি। বাংলাদেশ এ ক্ষেত্রে সদস্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান আবদুল আউয়াল মিন্টু।






















