ইরানের দক্ষিণ উপকূলে গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ
- আপডেট সময় ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 25
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেরিক, মিনাব ও কেশম দ্বীপ এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে হামলাকারী কারা বা কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, তা জানানো হয়নি।
ফার্স নিউজ স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সেরিক, মিনাব ও কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দ সমুদ্রের দিক থেকে এসেছে। এর আগের দিন বুধবারও জাস্কের উপকূলীয় এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় সেখানে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আনাদোলু, আল-জাজিরা, ইরনা, ফার্স নিউজ


























