জাতীয় পরিচয়পত্রে ছবির পক্ষে হাইকোর্টের রায়
- আপডেট সময় ০২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 15
ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এনআইডি তৈরির ক্ষেত্রে ছবি দেওয়ার বাধ্যবাধকতা বহাল থাকছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। এর ফলে ছবি ছাড়া এনআইডি পাওয়ার কোনো সুযোগ থাকল না।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা পালনের কারণে ছবি তুলতে আপত্তি জানান। ছবি ছাড়াই বিকল্প পদ্ধতিতে এনআইডি পাওয়ার ব্যবস্থা করতে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি।
তবে ওই আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে এনআইডি দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুমাইয়া। এ মামলায় তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে প্রতিনিধি করা হয়।
রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে এনআইডি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
পরবর্তী সময়ে রুলের চূড়ান্ত শুনানিতে রাষ্ট্র ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, ছবি ছাড়া এনআইডি দেওয়ার ব্যবস্থা বিদ্যমান আইন ও সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হজ পালন কিংবা ব্যাংক হিসাব খোলার মতো বিভিন্ন সেবার ক্ষেত্রেও পরিচয় শনাক্তে ছবির প্রয়োজন হয়।
এ ছাড়া আইরিশ শনাক্তকরণসহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা রিটকারীর পর্দা পালনের দাবির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট রুলটি খারিজ করে দেন। এর ফলে বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী ছবি সংযুক্ত করেই জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হবে।























