‘চ্যাম্পিয়ন্স লিগ আমাদের প্রতিযোগিতা, এবার শিরোপা জিতব’—ভিনিসিয়ুস
- আপডেট সময় ১২:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 14
নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গত দুই মৌসুমে প্রত্যাশিত সাফল্য না পেলেও এবার ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধারে আশাবাদী এই তারকা।
ভিনিসিয়ুসের লক্ষ্য শুধু নকআউট পর্বে যাওয়া নয়, শুরু থেকেই লিগ পর্বের শীর্ষ আটে জায়গা নিশ্চিত করা। এরপর ধাপে ধাপে শিরোপা জয়ের দিকে এগিয়ে যেতে চান তিনি।
ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের জন্য দল প্রস্তুত। গত দুই বছর নিজেদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও এবার পরিস্থিতি ভিন্ন হবে বলে মনে করেন তিনি।
রিয়াল তারকা বলেন, চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের জন্য বিশেষ একটি প্রতিযোগিতা। এবার মৌসুমটি আগের দুই মৌসুমের তুলনায় আলাদা হবে এবং দল শিরোপা জিতবে—এমন প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
আসন্ন ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ নিয়েও সতর্ক ভিনিসিয়ুস। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সবসময়ই বাড়তি উত্তেজনা থাকে। ইন্টার মিলানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
ইতালিয়ান ক্লাবটির খেলার ধরন নিয়ে ভিনিসিয়ুস বলেন, ইন্টার শারীরিকভাবে শক্তিশালী দল এবং পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণ সামলায়। এই ধরনের কৌশল রিয়ালকে বেশ কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ম্যাচের জন্য কোচ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান তিনি।
দলে কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি থাকায় চ্যালেঞ্জ কিছুটা বাড়বে বলেও স্বীকার করেন ভিনিসিয়ুস। তবে সবাই একসঙ্গে লড়াই করে মাঠে নামবেন এবং ম্যাচ চলাকালে সমর্থকদের সঙ্গে দারুণ একটি সংযোগ তৈরি হবে বলে আশা করছেন তিনি।

























