সীমান্তে অপরাধ কমাতে বিজিবির বিশেষ উদ্যোগ
- আপডেট সময় ০৭:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 16
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় যুবকদের নিয়ে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজিবির জনকল্যাণমূলক এ উদ্যোগে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন বেকার যুবক অংশ নিয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা বৈদ্যুতিক কাজ ও হাউজ ওয়্যারিংয়ের মতো কারিগরি বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থান তৈরিতেও বিজিবি কাজ করছে। কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকেরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। এতে তাদের মাদকসহ বিভিন্ন সীমান্ত অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি কমবে এবং তারা স্বাবলম্বী হয়ে নিরাপদ জীবন গড়তে পারবেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বেকারত্ব হ্রাস ও অপরাধ প্রতিরোধে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুর, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























