ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা ইরানের
- আপডেট সময় ০৪:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 16
ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত ও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। পরিকল্পিত এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজাভিত্তিক হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলে দাবি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের সম্ভাব্য এ পরিকল্পনার বিষয়ে তথ্য পেয়েছেন। তাদের ধারণা, ইসরায়েলের ওপর একই সময়ে বিভিন্ন দিক থেকে হামলা চালিয়ে একাধিক যুদ্ধফ্রন্ট তৈরি করতে চাইছে তেহরান।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালায় হামাস। ওই হামলার আগে ইরান কিংবা হিজবুল্লাহকে পরিকল্পনার বিষয়ে জানানো হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। ফলে হামাসের ওই হামলার সময় ইরান ও হিজবুল্লাহ একযোগে সামরিক পদক্ষেপ নেয়নি।
তবে এবার সেই অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে সমন্বিতভাবে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেরুজালেম পোস্ট আরও জানিয়েছে, কয়েকটি আরব সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে—ইরান ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্টে উত্তেজনা বাড়াতে চাইছে। এর অর্থ হলো, একই সময়ে ইসরায়েলের বিভিন্ন দিক থেকে হামলা চালানোর চেষ্টা হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষ ইউনিট কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানো এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: জেরুজালেম পোস্ট























