ভারত- পানামা প্রীতি ম্যাচের সময়সূচি পরিবর্তন
- আপডেট সময় ০৪:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 23
বিশ্বকাপ খেলা দল পানামার বিপক্ষে ভারতের আলোচিত প্রীতি ম্যাচের নির্ধারিত সময়সূচিতে এসেছে পরিবর্তন। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আগে ২৬ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন তা একদিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর আয়োজন করা হবে।
এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে বেঙ্গালুরু ম্যারাথন আয়োজনের বিষয়টি। ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই ম্যারাথনের শুরু ও সমাপ্তি—উভয়ই ঘটবে কান্তিরাভা স্টেডিয়াম কেন্দ্র করে। এমন অবস্থায় ম্যারাথনের ঠিক আগের দিন একই ভেন্যুতে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ রাখলে মাঠ প্রস্তুতি ও অবকাঠামোগত ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এ কারণেই সূচিতে পরিবর্তন এনে ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে।
কর্ণাটক রাজ্য ফুটবল সংস্থার (কেএসএফএ) একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বরই মাঠে নামবে ভারত ও পানামা।
দীর্ঘ প্রায় তিন বছর পর কান্তিরাভা স্টেডিয়ামে ফিরছে ভারতীয় জাতীয় ফুটবল দল। এর আগে ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের আসরে এই মাঠেই খেলেছিল তারা, যেখানে ফাইনালে কুয়েতকে পরাজিত করে শিরোপা ঘরে তুলেছিল ভারত।
পানামার বিপক্ষে এই লড়াই শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং সামনের বড় চ্যালেঞ্জের আগে নিজেদের যাচাই করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চও বটে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে থাকা পানামার বিপক্ষে খেলার মধ্য দিয়ে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাবেন ভারতীয় ফুটবলাররা।
আগামী অক্টোবরে ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। সেই কঠিন পরীক্ষার আগে অন্তত একটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন দলের কোচ খালিদ জামিল। সেই পরিকল্পনা মাথায় রেখেই প্রতিপক্ষ হিসেবে পানামাকে বেছে নেওয়া হয়েছে।

























