নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
- আপডেট সময় ০৩:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 42
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর তাদের দায়িত্ব নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আর ওই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
এ ছাড়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও বহাল রয়েছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব বণ্টনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।
এর আগে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী ছিলেন। নতুন দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ে পরিবর্তন এসেছে।





















