শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা মাউশির
- আপডেট সময় ০১:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 19
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিদ্যমান সরকারি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অমান্য করলে তা সরকারি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে বলেও উল্লেখ করেছে অধিদপ্তর।
এ বিষয়ে বুধবার (২৯ জুলাই) দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ সংযুক্ত করা হয়েছে।
মাউশি জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য সরকারের নির্ধারিত নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকা লঙ্ঘন করলে তা সরকারি কর্মচারীদের আচরণবিধি ভঙ্গের শামিল হবে।
অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসতর্কতা অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্যও ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে।
এ কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এর অধীন বিভিন্ন দপ্তর এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের পরিমার্জিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার জন্য পুনরায় নির্দেশ দিয়েছে মাউশি।























