সীমান্তর চেয়ে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 17
বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক বিশ্বে নিরাপত্তা ও প্রতিরক্ষার ধারণা শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্য ব্যবস্থাপনাও এর গুরুত্বপূর্ণ অংশ।
বুধবার, ১ জুলাই সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষার ধরন পরিবর্তিত হয়েছে। বর্তমান বাস্তবতায় সাইবার নিরাপত্তা এবং তথ্য ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সরকার তথ্য ব্যবস্থাপনা নিয়ে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও তথ্য বিভ্রান্তি থেকে দেশের মানুষকে সুরক্ষা দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে দায়িত্বশীল তথ্য প্রচারের বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সঠিক তথ্য প্রচারের মাধ্যমে গুজব ও বিভ্রান্তি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।


















