রাজস্থানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৭
- আপডেট সময় ১১:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 21
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনের বেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
বুধবার, ১ জুলাই ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের উদ্দেশ্যে যাচ্ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। উদ্ধার অভিযানের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নেওয়া হয়।
দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
মর্মান্তিক এ ঘটনায় রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, তা তদন্ত করে দেখছে পুলিশ।


















