দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 32
দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সোমবার (২৯ জুন)। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন দুপুর ২টায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী একযোগে মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, কর্মসূচিটি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।
অনুষ্ঠান উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
এদিন একই মঞ্চ থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কারও বিতরণ করবেন তিনি।
























