চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় ০৬:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 17
চীনে সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন।
চার দিনের এ সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, কৃষি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীন যান। এর আগে শনিবার (২১ জুন) মালয়েশিয়া সফরের মাধ্যমে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার (২৪ জুন) বিকেলে তিনি বেইজিং পৌঁছান এবং পরবর্তী সময়ে একাধিক কূটনৈতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেন।

























