নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
- আপডেট সময় ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 1
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও গতিশীল করতে ঢাকার নবাবগঞ্জে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। এ সেবার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, এর আওতায় কোন ধরনের অভিযোগের প্রতিকার পাওয়া যায় এবং জনগণের কাছে এ সেবার প্রসার ঘটানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাজমা আক্তার ও মো. জহিরুল ইসলাম।
কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। একই সঙ্গে নিয়মিত আদালতগুলোর ওপর মামলার চাপও কমবে। এজন্য গ্রাম আদালত বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।






















