ডুয়েটের সব ফটক বন্ধ করে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
- আপডেট সময় ০৩:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 118
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সব গেট বন্ধ করে সোমবার (১৮ মে) সকাল থেকে ব্লকেড কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। নতুন উপাচার্য যেন কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন, সেজন্য প্রতিটি ফটকে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় বহিরাগত বা অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে রবিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিসমূহের মধ্যে রয়েছে রবিবারের সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা, ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা এবং সংঘর্ষে আহত ডুয়েট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, যে উপাচার্যের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, তাকে তারা কোনোভাবেই ক্যাম্পাসে গ্রহণ করবেন না।
আন্দোলনকারীদের দাবি, ডুয়েটের সিনিয়র শিক্ষকদের মধ্য থেকেই একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। বাইরের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তারা উপাচার্য হিসেবে মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। গত রবিবারের দুই পক্ষের সংঘর্ষের পর থেকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বাইরে সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে রবিবারের ওই সংঘর্ষের ঘটনায় ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি চলছে। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা এই হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন। অপরদিকে, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকেও এই হামলার ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পাল্টা দায় চাপানো হয়েছে।


























