ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 95
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি কার্যকর থাকবে। তবে এই ছুটির ক্ষতিপূরণ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) সকল অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টানা এই ছুটির মধ্যেও জনস্বার্থে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। বিশেষ করে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও যানবাহনগুলো নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল এবং জরুরি চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনগুলো চলাচলের ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ থাকবে না। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য দপ্তরগুলোও তাদের প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে খোলা থাকবে।
আর্থিক ও বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং সেবা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা প্রদান করবে।
অন্যদিকে, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এবং কল-কারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুসরণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট খাতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। সাধারণ মানুষের ঈদযাত্রা সহজ করতে এবং উৎসবের আমেজ নির্বিঘ্ন রাখতেই সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

























