ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: মন্ত্রী
- আপডেট সময় ১২:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 151
মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং তারা এ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যেসব বেআইনি সুবিধা গ্রহণ করেছেন, সেজন্য তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিগত সময়ে রাজনৈতিক বা অন্যান্য প্রভাবে অনেক অমুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নৈতিক ও আইনিভাবে অগ্রহণযোগ্য।
তিনি বলেন, “আমরা অমুক্তিযোদ্ধাদের খুঁজে বের করবই। যারা প্রতারণা করে সুবিধা নিয়েছেন, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।”
একই সঙ্গে তিনি একটি বিশেষ সুযোগের কথা উল্লেখ করে বলেন, যারা ভুলবশত বা অনৈতিকভাবে তালিকায় ঢুকেছেন, তারা যদি এখনই স্বেচ্ছায় ‘রিজাইন’ বা অব্যাহতি নেন, তবে তাদের শাস্তির মাত্রা কমানো হতে পারে।
তবে মন্ত্রণালয় কর্তৃক তদন্তে চিহ্নিত হলে প্রচলিত আইনের সর্বোচ্চ কঠোর সাজা নিশ্চিত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার এই প্রক্রিয়ায় প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভয় পাওয়ার কিছু নেই। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা কোনোভাবেই বন্ধ হবে না, বরং এই শুদ্ধি অভিযানের ফলে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা মন্ত্রীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানান।


























