সিরিজ হারলেও আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি জ্যোতি ও নাহিদাদের
- আপডেট সময় ০৭:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 4
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আইসিসির প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে ব্যাটার ও বোলার—উভয় বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তারসহ বেশ কয়েকজন টাইগ্রেস ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানের পর শেষ ম্যাচে ৪০ রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর ফলে ওয়ানডে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৩৫তম অবস্থানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া শেষ ম্যাচে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি; তাঁর বর্তমান অবস্থান ৪৫তম। ব্যাটিং তালিকায় আট ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন রিতু মণি।
বোলারদের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ২১ রানে ৪ উইকেট শিকারের কৃতিত্ব দেখানো এই বোলার দুই ধাপ এগিয়ে বর্তমানে ১১তম স্থানে অবস্থান করছেন। শীর্ষ দশে প্রবেশের খুব কাছে রয়েছেন তিনি।
তরুণ পেসার মারুফা খাতুনও র্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন। ছয় ধাপ এগিয়ে তিনি এখন ৩৭তম স্থানে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সুলতানা খাতুন; এক লাফে ১৬ ধাপ এগিয়ে তিনি ৪৪তম স্থানে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দলগত ফলাফল আশানুরূপ না হলেও, ব্যক্তিগতভাবে এই উন্নতি টাইগ্রেসদের আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

























