মানিকগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রীর ঝটিকা সফর
- আপডেট সময় ০৫:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 20
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন।
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা না বলে দূর থেকে পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে কেন্দ্রের শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “সারাদেশে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মানিকগঞ্জের কেন্দ্রগুলোতেও আমি সন্তোষজনক পরিবেশ দেখেছি। নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিতে প্রশাসন এবং শিক্ষা বোর্ডগুলো জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
মন্ত্রীর এই ঝটিকা সফরের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটিই প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম রোধে মন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

























