মীরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ২
- আপডেট সময় ০৪:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 125
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে একটি মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন।
পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত কাভার্ড ভ্যানসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
























