দুই ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু: শোকের ছায়া দুই বিশ্ববিদ্যালয়ে
- আপডেট সময় ১২:২৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 20
একই দিনে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (১৬ মার্চ) বিকেলে পৃথক স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় সহপাঠী ও সংশ্লিষ্টদের মধ্যে গভীর দুঃখ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু বাসার ছাদ থেকে পড়ে মারা যান। একই সময়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের শিক্ষার্থী দীপা দাসের মৃত্যু হয়েছে, যা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক।
বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, রিজুর অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকায় নিজ বাসা থেকে দীপা দাসের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়েছিল।
সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দীপা দাসের সহপাঠী জেরভাস বিশ্বাস বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরেক সহপাঠী রিফাত ইসলাম জানান, দীপা ছিলেন মেধাবী ও বন্ধুবৎসল একজন শিক্ষার্থী।
দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্য ও স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এই দুই ঘটনার পর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সহিংসতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
























