মেসিকে নিয়ে বার্সেলোনার বিশেষ বার্তা
- আপডেট সময় ০৫:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 27
স্পেনের মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জেতায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। ২০২৬ সালের এই পুরস্কারকে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির অসাধারণ প্রতিভা, খেলাটির প্রতি অঙ্গীকার এবং মাঠের বাইরের অবদানের স্বীকৃতি হিসেবে তুলে ধরেছে ক্লাবটি।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেসিকে অভিনন্দন জানায় বার্সেলোনা। সেখানে সাবেক অধিনায়কের সঙ্গে ক্লাবটির দীর্ঘদিনের সম্পর্ক এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনার ভূমিকার কথাও স্মরণ করা হয়।
বার্সেলোনার বার্তায় বলা হয়, ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার মেসির অসাধারণ প্রতিভার যথার্থ স্বীকৃতি। মাঠের ভেতরে ও বাইরে তার অবদান ফুটবলে স্থায়ী ছাপ রেখেছে। উৎকর্ষ, খেলাটির প্রতি অঙ্গীকার ও সংহতির মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে অনুকরণীয় মানদণ্ড হয়ে উঠেছেন।
পোস্টে আরও বলা হয়, মেসির অসাধারণ সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য বন্ধনের মতো, যা বার্সেলোনার ঐতিহ্যেরও অংশ। মেসির সঙ্গে এই সংযোগ সবসময় ক্লাবের গর্বের উৎস হয়ে থাকবে বলেও উল্লেখ করা হয়।
মেসির ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়গুলোর একটি কেটেছে বার্সেলোনায়। কিশোর বয়সে ক্লাবটির যুব একাডেমিতে যোগ দিয়ে ধীরে ধীরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন তিনি।
বার্সেলোনার হয়ে খেলার সময় মেসি চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা শিরোপাসহ বহু গুরুত্বপূর্ণ ট্রফি জেতেন। এ সময় একাধিকবার ব্যালন ডি’অর পুরস্কারও অর্জন করেন তিনি। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন এই আর্জেন্টাইন তারকা। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সাঁ জারমেইনে (পিএসজি) যোগ দেন তিনি।
ক্লাব ফুটবলের বাইরেও মেসির সাফল্যের ঝুলিতে রয়েছে বড় অর্জন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান তিনি। এর মধ্য দিয়ে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিরোপাটিও নিজের ক্যারিয়ারে যুক্ত করেন মেসি।

























