রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক স্থগিত
- আপডেট সময় ০৪:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 34
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে।
আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিন ধাপে এই সংলাপ শুরু হওয়ার কথা ছিল। ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা ছিল ইসির।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যে পরিকল্পনা করা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে আবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। নতুন পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরে তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।






















