শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ
- আপডেট সময় ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 45
‘শেখ হাসিনার আত্মীয়’ হিসেবে নয়, নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন—এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। প্রশ্ন করার সময় আরও পেশাদার আচরণ করার জন্য ওই সাংবাদিককে পরামর্শও দেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।
এক সাংবাদিক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তাকে পার্থর ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিনি সেখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। ভবিষ্যতে আরও পেশাদারভাবে প্রশ্ন করার আহ্বান জানান তিনি।
এরপর উপদেষ্টা জাহেদ উর রহমানও ওই সাংবাদিকের উদ্দেশে শেখ হাসিনার সঙ্গে পার্থর পারিবারিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।
আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এইচ এম এরশাদের সরকারের মন্ত্রী ছিলেন। জাতীয় পার্টি বিভক্ত হওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একটি অংশের নেতৃত্বে আসেন তিনি। ২০০৮ সালে তার মৃত্যুর পর দলের নেতৃত্ব নেন পার্থ।
পার্থর মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থ শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের বড় মেয়ে শেখ সায়রা রহমানকে বিয়ে করেছেন। পারিবারিক সম্পর্কের সূত্রে শেখ হাসিনা তার ফুফু হন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। সরকারের পক্ষ থেকে পাওয়া তথ্য এবং ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদনের বরাতে তিনি বলেন, বিষয়টি ভারতের আদালতের মাধ্যমে এগিয়ে নেওয়ার কথা জানা গেছে।
পার্থ বলেন, শেখ হাসিনা একভাবে ভারতে গিয়েছিলেন। তবে ভারত সরকার রাজনৈতিকভাবে এ বিষয়ে দায় নিতে না চাওয়ায় বিষয়টি এখন বিচার বিভাগের ওপর ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তার মনে হচ্ছে। এ সংবাদ শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাসহ মামলার সব আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের দাবি শুধু শেখ হাসিনাকে ফেরানো নয়; যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রত্যেককেই দেশে ফিরিয়ে আনা। জুলাই আন্দোলনসহ এর আগের ঘটনাগুলোর সঠিক বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি।




















