মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দাপুটে শুরু
- আপডেট সময় ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 32
ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের তিনটি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি, যার ফলে বিশ্বকাপ অভিযান শুরু হয় আর্জেন্টিনার দাপুটে জয়ে।
মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত ম্যাচের শুরুতে দুই দলই একবার করে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়। তবে ম্যাচের ১৬ মিনিটে অপেক্ষার অবসান ঘটান মেসি। রদ্রিগো দে পলের পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে চেনা ভঙ্গিতে রক্ষণভাগ কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন আসরে গোল করার কীর্তি গড়েন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে দ্রুততম সময়ে জালে পাঠান আর্জেন্টাইন তারকা।
এরপর ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। মাঝমাঠ থেকে দ্রুতগতির আক্রমণে সতীর্থের সঙ্গে ওয়ান-টু পাস আদান-প্রদানের পর বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত শটে বল জালে জড়ান মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।
একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে নতুন এই অর্জন যোগ হলো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে।
ম্যাচের ৮০ মিনিটে কোচ লিওনেল স্কালোনি তাকে তুলে নিলে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানায় আর্জেন্টাইন মহাতারকাকে।
শেষ পর্যন্ত মেসির অনবদ্য নৈপুণ্যে ৩-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনা। দলের জয়ের পাশাপাশি ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার আরও একটি রেকর্ডময় পারফরম্যান্সের জন্য।

























