১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
- আপডেট সময় ১১:১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 25
যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেও রক্ষণভাগ ও ফিনিশিংয়ের দক্ষতায় জয় তুলে নিয়েছে ফরাসিরা। ফ্রান্সের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে; অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার ব্রেমের।
কার্লো আনচেলত্তির অধীনে শুরুটা দুর্দান্ত করেছিল সেলেসাওরা। ম্যাচের প্রথম ৩০ মিনিটে আক্রমণ আর সুযোগ তৈরির দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও রাফিনিয়া ও মার্তিনেলিদের ফিনিশিং ব্যর্থতায় গোল অধরা থেকে যায়। তবে ৩২ মিনিটে সুযোগের সঠিক ব্যবহার করেন কিলিয়ান এমবাপ্পে। গতির ঝড়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে ফ্রান্সকে ১-০ তে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার।
বিরতির পর ৫২ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ব্রাজিল ফুলব্যাক ওয়েসলি ফ্রান্সাকে ডি বক্সের সামনে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার উপামেকানো। ১০ জনের দলে পরিণত হলেও দমে যায়নি ফ্রান্স। উল্টো ৬৫ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ স্ট্রাইকার হুগো একিতিকে।
ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ৭৮ মিনিটে সেটপিস থেকে পাওয়া এক সুযোগে হেডের মাধ্যমে গোল করে ব্যবধান কমান ডিফেন্ডার ব্রেমের। তবে বাকি সময়ে একের পর এক আক্রমণ করেও ফ্রান্সের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ব্রাজিল। ফলে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।


























