এবার পিএসএলে ডাক পেলেন শরিফুল ইসলাম
- আপডেট সময় ০২:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 7
নিলামে নাম না উঠলেও কপাল খুলেছে বাংলাদেশি পেসার শরীফুল ইসলামের। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে টেনেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। গতকাল রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর ফলে পিএসএলের ১১তম আসরে পেশোয়ারের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের দুই গতি তারকা শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার শরীফুল ইসলামের। সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ানোর পর নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, শরীফুলের আগমনে তাদের ‘ইয়েলো স্টর্ম’ বা হলুদ ঝড় এখন আরও শক্তিশালী। বাংলাদেশের এই ‘এক্সপ্রেস’ পেসারকে নিয়ে আসন্ন আসরে বড় স্বপ্ন দেখছে দলটি।
বাংলাদেশ জাতীয় দলের তিন সংস্করণের নিয়মিত মুখ শরিফুল ইসলাম এখন ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন। সদ্য সমাপ্ত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ২৬টি উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার। মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে বোলিং করে বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার এই দাপুটে পারফরম্যান্সই তাকে সরাসরি পিএসএলের দল পেশোয়ার জালমিতে জায়গা করে দিয়েছে।
বিপিএলের রেকর্ডধারী উইকেট সংগ্রাহক হয়েও গত মাসে পিএসএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের শরীফুল ইসলাম অবিক্রিত ছিলেন। তবে মাঠের পারফরম্যান্সের জোরে শেষ পর্যন্ত সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। শরীফুল ছাড়াও এবারের আসরে বাংলাদেশের বড় এক প্রতিনিধি দল অংশ নিচ্ছে। নিলামের শুরুতে নাহিদ রানা ও পারভেজ হোসেন অবিক্রিত থাকলেও পরে ৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে দল পেয়েছেন। রিশাদ হোসেনও আগেই দল নিশ্চিত করেছিলেন। তবে সব ছাপিয়ে আলোচনায় মুস্তাফিজুর রহমান; সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপির বিশাল অংকে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে দলবদল ও নতুন চুক্তির হিড়িক পড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ৩ কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি ‘রাওয়ালপিন্ডি পিন্ডিজ’-এ যোগ দিয়েছেন। এর আগে তিনি লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন। এদিকে, লাহোর কালান্দার্স শুধু মুস্তাফিজুর রহমানকেই নয়, দলে ভিড়িয়েছে তরুণ ব্যাটার পারভেজ হোসেনকেও। ফলে একই জার্সিতে মাঠ মাতাবেন মুস্তাফিজ ও পারভেজ।
























