রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে দ্রুত
- আপডেট সময় ১০:২০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 45
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। শুক্রবার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে আলোচনা হয়।
শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ (VVER-1200) রিঅ্যাক্টর থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।
এ ছাড়া বৈঠকে রোসাটমের মহাপরিচালক জানান, আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।
বৈঠকে রূপপুর প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাতের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে এ খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
























