ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা
- আপডেট সময় ০২:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
সরকারি কাজের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিজের দেওয়া ঘোষণা অনুযায়ী সপ্তাহের ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শপথ নেওয়ার পর প্রথম শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি সরকারি কার্যক্রম দ্রুততর করতে ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
এদিন সকাল ১০টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন থেকে কোনো ধরনের বাড়তি জাঁকজমক বা প্রটোকল ছাড়াই সাধারণ নাগরিকের মতো একটি পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে করে কার্যালয়ে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর প্রথম কয়েক দিন তিনি সচিবালয়ে অফিস করলেও তেজগাঁওয়ের এই ঐতিহাসিক কার্যালয়ে আজই ছিল তাঁর প্রথম কার্যদিবস। উল্লেখ্য, এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাঁর মা বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর তাঁর ছেলে হিসেবে তারেক রহমান একই স্থানে দাপ্তরিক কাজ শুরু করলেন।
প্রধানমন্ত্রী যখন কার্যালয়ে পৌঁছান, তখন সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে থেকেই উপস্থিত ছিলেন। ছুটির দিনেও প্রধানমন্ত্রীর এই অফিস করার বিষয়টি প্রশাসনের কাজে গতি আনতে একটি ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপে সরকারি কর্মকর্তাদের মধ্যেও বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

























