হুতিদের সহায়তার অভিযোগে মার্কিন কর্মকর্তা গ্রেপ্তার
- আপডেট সময় ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 43
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিস্ফোরক ও ড্রোন তৈরিতে সহায়তার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির বিচার বিভাগ। গ্রেপ্তার অ্যাশটন হামেদ এল্লাবুদির বিরুদ্ধে হুতিদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
৫১ বছর বয়সী এল্লাবুদির বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের অভিযোগ, বিদেশে গিয়ে নিজের বিশেষায়িত কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে হুতিদের সহায়তার চেষ্টা করেন তিনি।
জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ বলেন, অভিযোগ অনুযায়ী, এল্লাবুদি বিস্ফোরক তৈরির উপকরণ এবং সেগুলো বহনে সক্ষম ড্রোন নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছিলেন। তিনি অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালে সরকারি পাসপোর্ট ব্যবহার করে ওয়াশিংটন থেকে ওমানে যান এল্লাবুদি। সেখানে পৌঁছানোর পর একই পাসপোর্ট ব্যবহার করে ইয়েমেনে প্রবেশ করেন তিনি। তাঁর গন্তব্য ছিল দেশটির রাজধানী সানা।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, ইয়েমেনে যাওয়ার পর এল্লাবুদি হুতিদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার চেষ্টা করেন।
হুতিরা ইয়েমেনভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্র গোষ্ঠীটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠী।
মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর এল্লাবুদির বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় রিচল্যান্ডে একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে তাঁর প্রাথমিক হাজিরা হওয়ার কথা রয়েছে।
তবে এল্লাবুদির বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।























