মেক্সিকোর মাদকসম্রাট ‘এল মেঞ্চো’ নিহতের পর দেশজুড়ে সহিংসতা
- আপডেট সময় ১১:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
মেক্সিকোর অন্যতম প্রভাবশালী মাদকসম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়ারা সার্ভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামে পরিচিত, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যসহ একাধিক এলাকায় আগুন, অবরোধ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, রোববার জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন ওসেগুয়ারা। পরে তাঁকে বিমানযোগে মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র তাঁর মাথার জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
অভিযানের পরপরই বন্দুকধারীরা অন্তত ছয়টি রাজ্যে যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন মহাসড়ক অবরোধ করে। জালিস্কোর রাজধানী গুয়াদালাজারায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে। পর্যটননগরী পুয়ের্তো ভালার্তাতেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
জালিস্কোর গভর্নর পাবলো লেমুস বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং গণপরিবহন আংশিক স্থগিত করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
ওসেগুয়ারা ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামে পরিচিত একটি শক্তিশালী অপরাধী চক্রের প্রধান। অভিযানে এই সংগঠনের চার সদস্য নিহত হয়েছে এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাঁজোয়া যান, রকেট লঞ্চার ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র এই সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের অভিযোগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডউ এই অভিযানকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওন রাজ্যে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। কানাডাও কয়েকটি রাজ্যে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
৫৯ বছর বয়সী ওসেগুয়ারা নব্বইয়ের দশক থেকেই মাদক পাচারে যুক্ত ছিলেন। একসময় তিনি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়ে কারাদণ্ড ভোগ করেন। পরে মেক্সিকোতে ফিরে এসে স্থানীয় পুলিশে যোগ দেন এবং পরবর্তীতে আবার মাদকচক্রে সক্রিয় হন। ২০০৭ সালের দিকে তিনি সহযোগীদের নিয়ে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল গঠন করেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই তাঁকে মেক্সিকোর অন্যতম মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে তালিকাভুক্ত করেছিল। সংস্থাটি বলেছে, তাঁর নেতৃত্বে কার্টেলটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর বহু হামলার জন্য দায়ী।
























