ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় ০১:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 18
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও যুগোপযোগী করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকে থাকতে হলে শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনের বিকল্প নেই। সে লক্ষ্যেই মাধ্যমিক স্তরের শুরু থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। নতুন শিক্ষানীতির আওতায় শিক্ষার্থীদের কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের সুযোগ বাড়ানো হবে, যাতে তারা ভবিষ্যতের কর্মবাজারের জন্য প্রস্তুত হতে পারে।
পাবলিক পরীক্ষা আইন কার্যকর হওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে এখন থেকে ডিজিটাল নজরদারি আরও জোরদার করা হবে। নকল বা অসদুপায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শুধু উচ্চশিক্ষার দিকে সবাইকে ধাবিত করলে কর্মসংস্থানের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই দক্ষতা ও কর্মসংস্থানভিত্তিক শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশের তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, রোটারি নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

























