রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা
- আপডেট সময় ১১:০০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 43
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই দাম অনুযায়ী, বর্তমানে স্বর্ণের বাজার দর ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
সবশেষ সমন্বয় অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ৩১ মার্চও স্বর্ণের দাম একদফা বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১১ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম কয়েক ধাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাজুস সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩০ বারই দাম বেড়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় কেনাবেচা হচ্ছে। চলতি বছরে এ নিয়ে রুপার দাম মোট ৩০ বার সমন্বয় করা হলো।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারের অস্থিরতা এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করেই নিয়মিত এই মূল্য সমন্বয় করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দামের বড় কোনো পরিবর্তন না হওয়া পর্যন্ত এই নতুন তালিকা অনুযায়ীই দেশের জুয়েলারি দোকানগুলোতে কেনাবেচা চলবে।
























