নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ
- আপডেট সময় ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 18
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাঁড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট রাতে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করেও কোনো খোঁজ পাননি। পরে বৃহস্পতিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকায় জিকে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানান, নিহতের ছেলে থানায় জিডি করার পরদিনই খালের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

























