মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০৩:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 23
পুরান ঢাকার ধুপখোলা এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইমরান নাবিল প্রামাণিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
রোববার বেলা পৌনে ১১টার দিকে ধুপখোলা এলাকার একটি ছয়তলা ভবনের মেস থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা।
তিনি জানান, রুমমেটদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমরান মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর পেয়ে তারা থানায় যান। তিনি জানান, ইমরান আরও দুইজনের সঙ্গে মেসে থাকতেন। নির্বাচনের কারণে বাকি দুজন বাড়িতে ছিলেন, ফলে ঘটনাস্থলে তিনি একাই ছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

























