সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যে ৫১৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ
- আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 25
বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ–এর নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
আদালতের নথি অনুযায়ী, এসব সম্পদের মোট মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যে অবস্থিত এসব স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এর অংশ হিসেবে গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার সংশ্লিষ্ট ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়। পরে সেগুলো ঢাকায় এনে পর্যালোচনা, পরীক্ষা ও বিশ্লেষণের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়।
দুদকের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা নথিপত্রের মধ্যে বিভিন্ন চুক্তি, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রসিদ, চেক, ভাউচার এবং বিদেশে সম্পত্তি কেনাবেচার মূল কপি পাওয়া গেছে, যা সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর বিভিন্ন দেশে অধিগ্রহণ করা সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে তার নামে ও স্বার্থসংশ্লিষ্টদের নামে উল্লেখযোগ্য সংখ্যক স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদক বলেছে, এসব সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সে জন্য জব্দ করা প্রয়োজন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে।

























