ইরানকে অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে: ট্রাম্প
- আপডেট সময় ১২:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 22
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় ইরানের কার্যক্রম সম্পূর্ণভাবে অচল করে দিতে পারে।
মধ্যবর্তী নির্বাচনের আগে কানসাস অঙ্গরাজ্যের সালিনায় আয়োজিত নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প।
সমাবেশে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আধিপত্য রয়েছে এবং প্রয়োজন মনে করলে যেকোনো মুহূর্তে দেশটিকে অচল করে দেওয়ার সামর্থ্য ওয়াশিংটনের আছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান পরিস্থিতি সমাধানে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য কিছুটা নমনীয় অবস্থানও নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। দেশটিকে পুরোপুরি অচল করে দেওয়ার মধ্য দিয়ে সংকটের অবসান ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকদের নিয়ে আয়োজিত আরেকটি সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এখনো শেষ হয়নি। তবে সামরিক অভিযানে প্রাণহানি কমিয়ে রাখাই তাঁর লক্ষ্য।
তিনি বলেন, যত বেশি সম্ভব মানুষের জীবন রক্ষার চেষ্টা করছেন তিনি। কিন্তু একটি পর্যায়ে গিয়ে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে হতে পারে।
এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আশাবাদ জানান তিনি।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে পেট্রলের বাড়তি দাম খুব বড় কোনো মূল্য নয়। তবে অল্প সময়ের মধ্যেই জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে প্রত্যাশা করছেন তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা






















