অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ১২:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 33
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে সীমান্তের ওপারের ইঙ্গিতে কেউ কেউ ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি উভয় পক্ষের আলোচনা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন। শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে তাদের কঠোর হাতে দমন করা হবে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গত রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোমবারই বোর্ডের প্রথম সভা হতে পারে, অথবা খুব শিগগিরই তারা বৈঠকে বসবেন। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে ঘোষণা দেওয়া হবে। মজুরি নির্ধারণের সময়সীমা তিন বছর পূর্ণ হতে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে বলেও জানান তিনি। বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি নির্ধারণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।
























