আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ অধিকাংশ কারখানা
- আপডেট সময় ০৪:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 18
বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি শুরুর পর পরিস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের শিল্পাঞ্চলে। যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সকালে নিট এশিয়া, আল-মুসলিম, সাবিহা অ্যাপারেলস, টাউজার লাইন ও এস ২১-এর মতো কারখানার শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নরসিংহপুর ও আশপাশের এলাকার আরও শ্রমিক কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন।
বেলা সাড়ে ১১টার পর শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নরসিংহপুর এলাকায় অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া থেকে ইপিজেড পর্যন্ত এবং ইপিজেডের বাইরের কারখানাগুলো ছাড়াও বাইপাইল, ইউনিক, জামগড়া, নরসিংহপুর ও জিরাবো এলাকার প্রায় সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সাভার এলাকার পরিস্থিতি অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস ও ইন্টেলিজেন্স) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৬টা থেকেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নিট এশিয়া কারখানা বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে শারমিন গার্মেন্টসের সামনে কিছু শ্রমিক জড়ো হন। তবে তাঁরা শান্তিপূর্ণ ছিলেন। পুলিশ দায়িত্বশীল ভূমিকা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে শারমিন গার্মেন্টস কর্তৃপক্ষও কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকেরা নিজ নিজ গন্তব্যে চলে যান এবং সড়ক চলাচলের উপযোগী হয়। এরপর অনন্ত গার্মেন্টসের কিছু শ্রমিক বিক্ষিপ্তভাবে ইটপাটকেল নিক্ষেপ করে সড়কে নামার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে। কারখানা কর্তৃপক্ষ আগেই ছুটি ঘোষণা করায় শ্রমিকদের বুঝিয়ে বলার পর তাঁরাও শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়েন।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদ বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তাঁর দাবি, বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও সচল আছে।
তবে রোববার ঠিক কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, তা শিল্প পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।



















