তেহরানে চার দেশের নিরাপত্তা বৈঠক
- আপডেট সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 24
পশ্চিম এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা, সামরিক পদক্ষেপের প্রভাব এবং ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সহায়তার বিষয় উঠে আসে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অংশ নেন। পাকিস্তানের প্রস্তাব এবং ইরানের সম্মতিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি এবং ফিলিস্তিন ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।
আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে আলোচনাকে ‘খুবই ভালো’ বলে বর্ণনা করেন মোহসেন রেজায়ি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেন, এ অঞ্চলে নতুন একটি পরিবেশ তৈরি হচ্ছে। আলোচনায় তিনি ইতিবাচক পরিস্থিতি অনুভব করেছেন বলেও জানান।
সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি এড়াতে সংলাপের সুযোগ তৈরি করাই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে চার দেশ।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যেকোনো সমঝোতাকে সমর্থন করে ইরান। আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতেও তাঁর দেশ প্রস্তুত।
























