আল-আকসার ইমামকে আটক করল ইসরাইলি বাহিনী
- আপডেট সময় ১২:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 25
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে খুতবা দেওয়া ও জুমার নামাজে ইমামতি করার পর শেখ খালেদ আবু জুমাকে আটক করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
পরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়। তবে সাময়িকভাবে তাঁর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ওই সূত্রে উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে শেখ খালেদকে আটকের তথ্য জানানো হয়। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জুমার নামাজ শেষে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ইসরাইলি বাহিনী। পরে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে তাঁর মুক্তির বিষয়টি জানানো হয়।
শুক্রবারের খুতবায় শেখ খালেদ জমিনে অবিচল থাকা এবং চলমান ফিলিস্তিনি জলপাই সংগ্রহের মৌসুম নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বক্তব্য নিয়েও তিনি কথা বলেন বলে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।
এদিকে জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরির ওপর আল-আকসা মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। নতুন আদেশ অনুযায়ী, ৮৭ বছর বয়সি এই ফিলিস্তিনি ধর্মীয় নেতাকে ২০২৭ সালের ১৯ এপ্রিল পর্যন্ত মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না।
কুদস প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আদেশটি শেখ ইকরিমা সাবরির আইনজীবীর কাছে হস্তান্তর করা হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে চলাচলের ওপর বিস্তৃত বিধিনিষেধের মধ্যে এসব ঘটনা ঘটেছে। ইসরাইলি বাহিনী জেরুজালেমে যাতায়াতের একটি সড়কের চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে পারাপারের অপেক্ষায় থাকা শত শত ফিলিস্তিনির চলাচল ব্যাহত হয়েছে।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। একই সঙ্গে শহরটিতে অবরোধ আরোপ করা হয়েছে।
সূত্র: সিয়াসাত, ওয়াফা ও কুদস প্রেস



















